বাসের ধাক্কায় ট্রাফিক কর্মকর্তার মৃত্যু: চালক কারাগারে
মহাখালী ফ্লাইওভারের ঢালে বিকাশ পরিবহনের বাস ট্রাফিক পুলিশের এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়।
ঢাকার মহাখালীতে বাসের ধাক্কায় সড়কে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চালককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত শুনানি শেষে বিকাশ পরিবহনের বাস চালক সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই (নিরস্ত্র) শাহীন আলম। তবে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ড আবেদন করেননি।
এসময় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
বুধবার মহাখালী ফ্লাইওভারের ঢালে বিকাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস দায়িত্বরত অবস্থায় এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তার মাথার পেছনে ও পায়ে মারাত্মক জখম হয়।
তাকে তাৎক্ষণিকভাবে মহাখালী রেলগেটের পাশে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের আইসিইউতে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুল আজিজ গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনে কর্মরত ছিলেন।
এ ঘটনায় আবদুল আজিজের স্ত্রী স্মৃতি আরা বনানী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন।
