২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে

“সম্প্রতি ঢাকাসহ সারা দেশে নাশকতায় তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে,“ বলা হয় রিমান্ড আবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 04:59 PM

Updated : 23 Sep 2026, 04:59 PM

নাশকতায় সম্পৃক্ততা সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ অনুমতি দেয়।

প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল রিমান্ডের বিষয়টি জানিয়েছেন।

সোমবার রাত ৩টার দিকে ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে রবিউলকে পুলিশ আটক করে।

৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চান ডিবি পুলিশের রমনা জোনাল টিমের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের এসআই বিনয় কুমার রায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

আদালতের অনুমতি না নিয়ে ওকালতনামায় আসামির সই নেওয়ায় রবিউলের পক্ষে তার আইনজীবী রুবেল আহমেদ শুনানি করতে পারেননি।

পরে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেয়।

রিমান্ড আবেদনে বলা হয়, রবিউল ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় ডিবি পুলিশের।

পুলিশ বলেছে, তিনি পাসপোর্ট দেখিয়ে নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন। পরে ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।

পুলিশের ভাষ্য, রবিউলের ড্রাইভিং লাইসেন্স ও এনআইডির জন্মতারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের মিল নাই। তিনি এর আগে অনেকবার বাংলাদেশ ভ্রমন করলেও সুনির্দিষ্ট কারণ তুলে ধরতে পারেননি। তিনি একেক সময় একেক তথ্য দিচ্ছেন বলে পুলিশের তরফে বলা হয়েছে।

রিমান্ড আবেদনে বলা হয়, “ধারণা করা হচ্ছে, আসামি বাংলাদেশে কোনো ধর্তব্য অপরাধে জড়িত আছেন।

“সম্প্রতি ঢাকা শহরসহ সারা দেশে নাশকতায় তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।“

পুলিশের তথ্য অনুযায়ী, রবিউল ইসলামের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার গৌড়ি ভোজ গ্রামে। তার বাবার নাম শহীদুল ইসলাম।