২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর থানা এলাকা থেকে শুক্রবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 09:36 PM

Updated : 13 Aug 2022, 09:36 PM

মহাসড়কে বাস, ট্রাকে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর থানা এলাকা থেকে শুক্রবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুসা আলী (৪০), নাঈম মিয়া (২৪), শামীম (৩৫), রনি (২৬), আবু সুফিয়ান (২০) ও মামুন (২৪)। তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, রূপগঞ্জের ভুলতা-গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে টহল দেওয়ার সময় একটি ডিম বোঝাই পিকআপ দেখে র‌্যাব-১১ সদস্যদের সন্দেহ হয়। পিকআপটিকে থামানোর জন্য র‌্যাব সদস্যরা অনুরোধ করলে চালকসহ দুইজন পিকআপটি রেখে পালিয়ে যাওয়ার সময় ধরা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওই দুইজন জানায়, ডিম বোঝাই পিকআপটি তারা লুট করেছে, আর পিকআপ চালক ও তার সহকারীকে তাদের একটি বাসে আটকে রাখা হয়েছে।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই বাসটি জব্দ করে র‌্যাব। এ সময় বাস থেকে পিকআপ চালক ও তার সহকারীকে হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তারা র‌্যাবকে বলেছে, ডিম বোঝাই পিকআপটিকে তারা বাসটি দিয়ে ব্যারিকেড দেয়।পরে পিকআপের চালক ও সহকারীকে তারা মারধর করে হাত-পা বেঁধে বাসে তুলে নেয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ছয়জনের কেউ গার্মেন্টকর্মী, কেউ গাড়ি চালক, কেউ চালকের সহকারী, আবার কেউ রাজমিস্ত্রী বা টেইলোর্সের কাটিং মাস্টার। তারা দিনের বেলা নিজ নিজ পেশায় থাকলেও রাতে মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতি করে নির্ধারিত ব্যাক্তির কাছে বিক্রি করে দেয়।

১০-১২ জনের ডাকাতদলটি তিনটি দলে ভাগ হয়ে ডাকাতি কাজে অংশগ্রহণ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়ার কথা র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

“এই দলের প্রধান হচ্ছে মুসা আলী। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সে বহুবার ডাকাতি করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”

মুসার প্রধান সহযোগী শামীম সম্পর্কে র‌্যাব বলছে, শামীম একজন দক্ষ গাড়ি চালক। ২০০৬ সালে স্ত্রী হত্যার অভিযোগে দণ্ডিত হয়ে সাত বছর কারাভোগ করে সম্প্রতি বের হয়ে আসে।

গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।