১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

খুলনা, যশোর ও সাতক্ষীরার পর ওই অঞ্চলে চতুর্থ ভিসা আবেদন কেন্দ্র চালু করল ভারত।

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

কুষ্টিয়ায় ভারতের ভিসা আবেদন কেন্দ্র রোববার উদ্বোধন করেন দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 08:39 PM

Updated : 16 Apr 2023, 08:39 PM

কুষ্টিয়ায় চালু হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে; ফলে ভারত সীমান্তবর্তী এই জেলার বাসিন্দাদের প্রতিবেশী দেশটি ভ্রমণে আর যশোর পর্যন্ত যেতে হবে না।

রোববার কুষ্টিয়ার সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফকে সঙ্গে নিয়ে নতুন ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এটি বাংলাদেশের ষোড়শ ভিসা আবেদন কেন্দ্র, যা কুষ্টিয়া ও আশেপাশের জেলার ভিসা আবেদনকারীদের ভিসা সংক্রান্ত সেবাপ্রাপ্তি সহজ করবে।

ওই অঞ্চলে খুলনা, যশোর ও সাতক্ষীরায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে। এখন তার সঙ্গে কুষ্টিয়াও যোগ হল।

ভিসা কেন্দ্র উদ্বোধনের পর প্রণয় ভার্মা সাংবাদিকদের কাছে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করার নানা উদ্যোগ তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন ভিসা আবেদন কেন্দ্র দুদেশের বন্ধনের সূত্র হিসাবে জনগণ সঙ্গে জনগণের সংযোগকে আরও শক্তিশালী করবে।

জনগণের সঙ্গে সম্পর্ককে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা সম্পর্কের কেন্দ্রে থাকার কথা উল্লেখ করেন হাই কমিশনার।