১৯ বছর আগের নুরুল ইসলাম হত্যা মামলার রায় ২৮ নভেম্বর
মুরগি চুরি নিয়ে ঝগড়ার জেরে ২০০৩ সালে কাঁঠালবাগান বাজারে পিটিয়ে হত্যা করা হয় নুরুল ইসলামকে।
ঢাকার ধানমণ্ডিতে ১৯ বছর আগে মুরগি ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় রায়ের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ দায়রা জজ মো. ইকবাল হোসেন বুধবার রায়ের এ তারিখ ঠিক করে দেন।
মামলার আসামিরা হলেন– আনিছুর রহমান ওরফে আনিছ, আব্দুল মালেক, রাজীব বাহার, শাহজাহান সরদার, লিটন, রহমান ওরফে রকমত, হুমায়ন ও আবুল কালাম। তাদের মধ্যে দুইজন পলাতক, বাকিরা জামিনে আছেন।
রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করেন আইনজীবী শওকত আলম। ৩০ জন সাক্ষীর মধ্যে সাত জনের আদালতে তাদের জবানবন্দি দেন।
মামলার নথি থেকে জানা যায়, ছেলেদের নিয়ে ধানমণ্ডি থানাধীন কাঁঠালবাগান বাজারে মুরগির ব্যবসা করতেন নুরুল ইসলাম। তার দোকানের নাম ছিল মাসুম অ্যান্ড ব্রাদার্স চিকেন হাউজ। তাদের দোকানের সামনে আসামি আনিছুরের মুরগির দোকান ছিল।
নুরুল ইসলামের দোকান থেকে প্রায়ই মুরগি চুরি হত। এর জেরে ২০০৩ সালের ৩০ এপ্রিল আনিছুরের কর্মচারী রাজীবের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। আনিছুরসহ ৮ জন তখন ওই দোকানে গিয়ে নুরুল ইসলামের দুই ছেলেকে মেরে আহত করে।
খবর পেয়ে নুরুল ইসলাম দোকানে গেলে তাকেও পিটিয়ে আহত করে আসামিরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওইদিনই নুরুল ইসলামের ছেলে হেদায়েতুল ইসলাম ধানমণ্ডি থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন ধানমণ্ডি থানার এসআই আবুল কালাম।
২০১১ সালের ৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত। পরের ১১ বছরে সাতজনের সাক্ষ্য শেষে মামলাটি রায়ের পর্যায়ে এল।
