হাতিরঝিলে নৌকা বাইচ, দর্শনার্থীদের ভিড়
নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা অংশ নেয়।
প্রতিষ্ঠার দেড় দশক পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নৌকা বাইচ আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার বিকাল ৩টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে আবার পুলিশ প্লাজায় ফিরে আসে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা অংশ নেয়। নৌকাগুলোর নাম দেওয়া হয় পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ।
নৌকা বাইচ দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাতিরঝিলে ভিড় করেন দর্শনার্থীরা। শিশু-কিশোরদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
প্রতিযোগিতায় নৌকাগুলো পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম পাঁচটি নৌকার মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুটি নৌকা এবং পরবর্তী পাঁচটি নৌকার মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী আরও দুটি নৌকা বাছাই করা হয়। দুই পর্বের চার বিজয়ী নৌকার প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হয়।
নৌকা বাইচের অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর ৩০০ ফিটে পাঁচ হাজারের বেশি দৌড়বিদ নিয়ে ম্যারাথন আয়োজন করা হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ ও ফিরিয়ে আনতে হাতিরঝিলে নৌকা বাইচ আয়োজন করা হয়েছে।
“সিটি করপোরেশন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণ এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদের কার্যক্রমও চলছে। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর উপহার দেওয়া সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ঢাকা উত্তর সিটিতে ৫ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গত নয় মাসে ইতোমধ্যে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে। নগরকে আরও সবুজ করতে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিএনসিসি প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির কর্মকর্তা, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
