‘তৌফিক বড় বড় ছবি চাইতেন’
“ভালো লোক হারানো খুব খারাপ লাগে; তার অনেক স্বপ্ন ছিল,” বলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর চলে যাওয়াকে কোনোভাবেই মানতে পারছেন না চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
তৌফিক ইমরোজ খালিদীকে ‘খুব নির্ভরযোগ্য বন্ধু’ মনে করেন তিনি।
মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়েছিল তৌফিক ইমরোজ খালিদীকে। এরপর শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে মারা যান তিনি।
মনিরুল ইসলাম বলেন, “তার মুত্যু বিশ্বাস করার বাইরে। তিনি আর্ট কালেকশন করতেন। বড় ছবি পছন্দ করতেন। তৌফিক বলতেন, ‘বড় বড় ছবি চাই’। ইমেজের চেয়ে বিমূর্ত ছবি ভালো লাগতো তার। আমি খুব মজা করে তার সঙ্গে কথা বলতাম। সেও আনন্দ পাইত।
“বাসায় পহেলা বৈশাখের যত অনুষ্ঠান হত, আমাকে দাওয়ান দিতেন। অনেক রকমের আয়োজন হত। আমি বলতাম, এত প্রসাদ করলে তো সেলফ সার্ভিসের দোকান হইল। তার মনটা ছিল বিরাট। যত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হত আমাকে ডাকত।”
স্মৃতিচারণ করে এ চিত্রশিল্পী বলেন, “তৌফিক তার একজন ড্রাইভার আমাকে দিয়েছিলেন। সেই ড্রাইভারের নাম জহির। ওই ড্রাইভার খুব প্রাউড ছিল। ড্রাইভার বলত, তিনি যা খাইতেন, একই খাবার আমাকে খাওয়াতেন।
“ভালো লোক হারানো খুব খারাপ লাগে। তার অনেক স্বপ্ন ছিল।”
