প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন উর্মি
সরকারি নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে নিয়োগ পেলেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক গুলশাহানা ঊর্মি।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সহকারী পরিচালক (বিসিএস তথ্য), বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা গুলশাহানা ঊর্মিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে বদলি করা হল।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তা জানান, সরকারি নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন ঊর্মি।
ঊর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে যুক্ত ছিলেন। ২০০২ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রোকেয়া হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তার জন্ম জামালপুরের সরিষাবাড়ীতে।
ঊর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বেতারে যোগ দেন তিনি।
