ঠাকুরগাঁওয়ের শাকিল হত্যায় ঢাকায় গ্রেপ্তার ৪
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজনই ওই ঘটনায় সম্পৃক্ত থাকার কথা ‘স্বীকার করেছে’ বলে র্যাবের ভাষ্য।
জুমার নামাজে খুতবাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মৎস্যজীবী লীগের নেতা শাকিল আহমেদের মৃত্যুর ঘটনায় ঢাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে রাজধানীর বংশাল, মোহাম্মদপুর ও সাভার এলাকা থেকে দেলোয়ার হোসেন (৪৫), হাবিব হোসেন (২৪), শামীম হোসেন ওরফে সামিউম বাছির (২০) এবং জসিম উদ্দিন (৩৪) নামের ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত গত ৩ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী হাট জামে মসজিদে জুমার নামাজের সময় নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে মন্তব্যের জন্য ইমামকে তাৎক্ষণিকভাবে বাদ দেওয়ার ঘোষণা দেয় মসজিদ কমিটি। এরপর নতুন ইমাম নিয়োগ নিয়ে গ্রামের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়।
এর জের ধরে পরদিন স্থানীয় বাজারে যুবলীগ নেতা সাইদ আলম এবং তার ছোট ভাই মৎস্যজীবী লীগের ভানোর ইউনিয়ন কমিটির সভাপতি শাকিল আহমেদের ওপর হামলা চালায় একটি পক্ষ। হামলায় আহত শাকিলকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ নেওয়া হলে সেখান তার মৃত্যু হয়।
র্যাব বলছে, ওই ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মামলা হলে আসামিরা সবাই আত্মগোপনে চলে যায়। অনুসন্ধানে নেমে র্যাব ঢাকার আরমানিটোলা এলাকায় দেলোয়ার হোসেনের সন্ধান পেয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সাভারের হেমায়েতপুর থেকে হাবিব হোসেন, মোহাম্মদপুর থেকে শামীম হোসেন ওরফে সামিউম বাছির এবং জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজনই ওই ঘটনায় সম্পৃক্ত থাকার কথা ‘স্বীকার করেছে’ বলে র্যাবের ভাষ্য।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আলম বলেন, “আমাদের একটি টিম ঢাকায় গেছে। তারা গ্রেপ্তারদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।”
