নানাবাড়ির পুকুরে ডুবে মারা গেল জমজ ভাই-বোন
“সবার অগোচরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে একজন পুকুরে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পুকুরে পড়ে যায়।”
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে জমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে চশিমদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নানা কাশেম মিয়া।
মৃত আট বছর বয়সি তানিশা ও রায়হানের বাবা শরিফ কুয়েত প্রবাসী। তাদের বাড়ি ঢাকার ডেমরার ঠুলঠুলিয়া চেয়ারম্যানবাড়ি এলাকায়।
তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন নানা কাশেম মিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে একজন পুকুরে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয় এক ব্যক্তি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল ৩টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনি। এখানকার চিকিৎসক ৩টা ২০ মিনিটের দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।”
মৃতদের বড় এক ভাই আছে বলে জানিয়েছেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
