Published : 07 Jun 2023, 11:02 PM
সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই মোস্তফা জগলুল ওয়াহিদের সঙ্গে ভারতীয় নাগরিক হিন্দু ধর্মাবলম্বী আঞ্জু কাপুরের বিয়ে অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট।
এই রায়ের মধ্য দিয়ে প্রয়াত জগলুলের বাড়ির দখল হারালেন আঞ্জু। জগলুলের সম্পত্তি তার প্রথম স্ত্রীর দুই সন্তানসহ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী মনজিল মোরসেদ।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই রায় দেয়।
২০২০ সালের ১০ অক্টোবর মোস্তফা জগলুলের মৃত্যুর পর তার প্রথম স্ত্রীর দুই মেয়ে তাদের বাবার গুলশানে বাড়িতে ঢুকতে গিয়ে আঞ্জু কাপুরের বাধা পাওয়ার পর থানায় জিডি করেন।
বাবার বাড়িতে দুই বোন ঢুকতে পারছেন না- সংবাদ মাধ্যমে এমন প্রতিবেদন দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করে হাই কোর্ট। ওই বাড়িতে দুই বোনের ঢোকা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের বাধা দেওয়া নিয়ে রুলও হয়েছিল।
সেই রুলের শুনানিতে আদালত চারজন অ্যামিচি কিউরি নিয়োগ দিয়েছিল। আদালতকে সিদ্ধান্ত নিতে সেই সহযোগিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, মো. নুরুল আমিন, এম কামালুল আলম ও কামরুল হক সিদ্দিকী।
সেই রুল নিস্পত্তি করে বুধবার রায় দিল আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। জগলুল ওয়াহিদের দুই মেয়ের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ।
জগলুলের দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুর ভারতে চলে যাওয়ায় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এই মামলায় পক্ষভুক্ত হওয়া জগলুল ওয়াহিদের ভাইদের পক্ষে আইনজীবী ছিলেন আহমেদ মুসান্না চৌধুরী।
মনজিল মোরসেদ বলেন, “স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৮৭২ এর ২ ধারা অনুসারে এই বিয়ে অবৈধ, বেআইনি ও বাতিল। আর একজন বিদেশিকে সম্পত্তি উইল করা যায় না। তাই জগলুল ওয়াহিদের গুলশানের বাড়ি আঞ্জু কাপুরের নামে উইল করাটাও বাতিল হবে।”
বিয়ে বাতিল হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “কারণ ১৮৭২ এর আইন (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) অনুসারে বর কনে উভয়পক্ষকে হিন্দু, বৌদ্ধ, শিখ, জায়ান, খ্রিস্টান হতে হবে। কিন্তু এ ক্ষেত্রে বর মুসলিম হওয়ায় এ আইনের অধীন বিয়েটা অবৈধ।”
ভারতের বেঙ্গালুরুতে জন্ম নেওয়া আঞ্জু কাপুর এক দশকের বেশি সময় ধরে ঢাকায় বসবাস করছেন। তিনি পেশায় একজন পোশাক ব্যবসায়ী, আরিয়ানা স্টাইলস লিমিটেড নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তিনি। বলিউডের চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ধীরাজ কাপুর তার ছোট ভাই।
মোস্তফা জগলুল ওয়াহিদ পেশায় পাইলট ছিলেন। ২০০৫ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আঞ্জু কাপুরকে বিয়ে করেন তিনি। তার প্রথম স্ত্রীর দুই সন্তান মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফা।
যে বাড়িটি নিয়ে ঘটনার সূত্রপাত, গুলশান ২ নম্বরে ৯৫ নম্বর রোডের ৪ নম্বর হোল্ডিংয়ের ১০ কাঠা জমিতে নির্মিত ওই বাড়িতে আঞ্জু কাপুর থাকতেন।
বাবার মৃত্যুর পর ওই বাড়িতে ঢুকতে গিয়ে বাধা পান দুই বোন। দুদিন ধরে বাড়ির সামনে অবস্থান নিয়ে থাকলেও ঢুকতে না পেরে থানায় জিডি করেন তারা। পরে বিষয়টিতে আদালত হস্তক্ষেপ করে দুই বোনকে বাড়িতে ঢোকার ব্যবস্থা করতে গুলশান থানা পুলিশকে নির্দেশ দেয়।
মুশফিকা তখন সাংবাদিকদের বলেছিলেন, ১৯৮৪ সালে তার মাকে নিয়ে তার বাবা গুলশানের এই বাড়িতেই সংসার শুরু করেছিলেন। তাদের জন্মও এ বাড়িতে। ২০০৫ সালে তাদের মা-বাবার বিচ্ছেদের পর তারা ওই বাড়ি ছাড়েন।