২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবা নিতে গিয়ে ‘৭০ শতাংশই’ দুর্নীতির শিকার: টিআইবি

টিআইবির জরিপ বলছে, সবচেয়ে বেশি ৭৪ দশমিক ৪ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থা থেকে সেবা নিতে গিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 09:15 PM

Updated : 31 Aug 2022, 09:15 PM

গেল বছর দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে ৭০ দশমিক ৯ শতাংশ সেবাগ্রহীতা দুর্নীতির শিকার হয়েছেন বলে উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির জরিপে।

বুধবার টিআইবি কার্যালয়ে ‘সেবা খাতে দুর্নীতি, জাতীয় খানা জরিপ ২০২১’ এর তথ্য তুলে ধরেন গবেষক ফারহানা রহমান।

এই জরিপ বলছে, ২০২১ সালে সবচেয়ে বেশি ৭৪ দশমিক ৪ শতাংশ মানুষ ‘দুর্নীতির শিকার হয়েছেন’ আইনশৃঙ্খলার ক্ষাকারী সংস্থার সেবা নিতে গিয়ে।

অন্যদিকে ৭২ দশমিক ১ শতাংশ খানার উত্তরদাতা বলেছেন, সেবা পাওয়ার জন্য ঘুষ দিতে তারা ‘বাধ্য হয়েছেন।

এছাড়া ৭০.৫ শতাংশ খানার উত্তরদাতা পাসপোর্ট সংক্রান্ত কাজে, ৬৮.৩ শতাংশ উত্তরদাতা বিআরটিএতে, ৫৬.৮ শতাংশ উত্তরদাতা বিচারিক সেবায়, ৪৮.৭ শতাংশ উত্তরদাতা স্বাস্থ্যে, ৪৬.৬ শতাংশ উত্তরদাতা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে, ৪৬.৩ শতাংশ উত্তরদাতা ভূমি সেবায়, ৩৩.৯ শতাংশ উত্তরদাতা শিক্ষায়, ৩৩.৫ শতাংশ উত্তরদাতা বিদ্যুত সেবায়, ২৭.৮ শতাংশ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহায়তায়, ২৪.৫ শতাংশ কৃষিতে, ২২.২ শতাংশ বীমায়, ১৬.৩ শতাংশ এনজিওতে, ১৫.২ শতাংশ গ্যাসে, ১৫ শতাংশ ব্যাংকিং প্রতিষ্ঠানে, ১২.৪ শতাংশ কর ও শুল্কে এবং ১৭.৫ শতাংশ অন্যান্য ক্ষেত্রে সেবা নিতে গিয়ে ‘দুর্নীতির শিকার’ হওয়ার কথা বলেছেন।

২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ১৬টি প্রধান সেবা খাতের সেবা প্রত্যাশী ১৫ হাজার ৪৫৪টি খানায় এই জরিপ চালানো হয়। জরিপের খানাগুলোর ৯৯ দশমিক ৫ শতাংশই সেবা খাতের সেবা নিয়েছে।

টিআইবি বলছে, এই সময়ে দেশে ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ লেনদেনের প্রাক্কলিত পরিমাণ ১০ হাজার ৮৩০ দশমিক ১ কোটি টাকা; যা ২০২০-২১ অর্থবছরের বাজেটের ৫ দশমিক ৯ শতাংশ এবং জিডিপির শূন্য দশমিক ৪ শতাংশ।

প্রতিবেদনে বল হয়েছে, গত বছর ৪০ দশমিক ১ শতাংশ খানা ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ লেনদেন করতে ‘বাধ্য হয়েছে’। ৫৫ দশমিক ৫ শতাংশ খানা দায়িত্ব পালনে অবহেলা এবং ২৩.৪ শতাংশ খানা অসদাচারণ ও হয়রানির শিকার হয়েছে। এছাড়া সেবা নিতে গিয়ে অনেকেই স্বজনপ্রীতি, প্রতারণা, প্রভাবশালীদের হস্তক্ষেপ ও আত্মসাতের শিকার হয়েছেন।

২০২১ সালে সেবা নিতে খানাগুলোকে গড়ে ৬ হাজার ৬৩৬ টাকা করে ঘুষ দিতে হয়েছে বলে হিসাব দিয়েছে টিআইবি। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৫ দশমিক ৮ শতাংশ খানা ঘুষ দিয়েছে পাসপোর্ট সেবার জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে ৫৫ দশমিক ৭ শতাংশ খানা এবং বিআরটিএ সেবার জন্য ৫০ দশমিক ২ শতাংশ খানা ঘুষ দেওয়ার কথা বলেছে।

ঘুষ না দিলে সেবা পাওয়া ‘যায় না’, তাই ৭২ দশমিক ১ শতাংশ খানা, হয়রানি বা ঝামেলা এড়ানোর জন্য ৫৯ দশমিক ২ শতাংশ খানা, যথাসময়ে সেবা পেতে ৪৪ দশমিক ৬ শতাংশ খানা, নির্ধারিত ফি জানা না থাকায় ৩৯ দশমিক ৯ শতাংশ খানা ঘুষ দেওয়ার কথা বলেছে। অবৈধ সুবিধা পেতেও ৬ দশমিক ৭ শতাংশ খানা ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে টিআইবির সমীক্ষায়।

জরিপ প্রতিবেদনে বলছে, পেশাজীবী ও সরকারি চাকরিজীবী রয়েছে এমন খানায় দুর্নীতি ও ঘুষের শিকার হওয়ার হার কম। সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষের শিকার হতে হচ্ছে মাঝারি ও বৃহৎ ব্যবসার ক্ষেত্রে।

সাধারণ মানুষের তুলনায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতা রয়েছে এমন খানাগুলো বেশি ঘুষ-দুর্নীতির শিকার হয়েছে ২০২১ সালে। এছাড়া শহরের তুলনায় গ্রামাঞ্চল এবং উচ্চ আয়ের তুলনায় নিম্ন আয়ের খানা ঘুষ ও দুর্নীতির শিকার হচ্ছে বেশি।

কম শিক্ষিত ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর দুর্নীতির প্রভাব পড়ছে বেশি। যেসব খানার মাসিক আয় ২৪ হাজার টাকার কম, তাদের বার্ষিক আয়ের ২ দশমিক ১ শতাংশ ঘুষ হিসেবে ব্যয় করতে হয়।

এক নজরে

টিআইবি বলছে-

  • গড়ে ৬ হাজার ৬৩৬ টাকা করে ঘুষ দিতে হয়েছে

  • বার্ষিক আয়ের ২ দশমিক ১ শতাংশ ঘুষ হিসেবে ব্যয় করতে হয়

  • সবচেয়ে বেশি ৫৫ দশমিক ৮ শতাংশ ঘুষ দিতে হয়েছে পাসপোর্ট সেবার জন্য

  • শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতা রয়েছে এমন খানাগুলো বেশি ঘুষ-দুর্নীতির শিকার হয়েছে

টিআইবির জরিপ অনুসারে, দুর্নীতির শিকার হওয়া খানার ৭৯ দশমিক ১৪ শতাংশ কোনো অভিযোগ করেনি। এর মধ্যে ঝামেলা, হয়রানি, নেতিবাচক পরিস্থিতির ভয়ে ৫৫ শতাংশ খানা অভিযোগ করেনি।

অভিযোগ না করার অন্যান্য কারণের মধ্যে রয়েছে- সবখানে দুর্নীতি হওয়ায় অভিযোগের প্রয়োজন মনে করেনি, অভিযোগ করে কাজ হয় না, অভিযোগ জানানোর ব্যবস্থা নেই, কিভাবে অভিযোগ করতে হয় জানা নেই।

২০২১ সালে দুর্নীতির শিকার হয়ে অভিযোগ করেছে এমন খানা ছিল ১৮ দশমিক ৯৪ শতাংশ, যাদের ৭২ দশমিক ৩ শতাংশের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান থেকে কোনো ব্যবস্থা নেওযা হয়নি।

টিআইবির ২০১৭ সালের জরিপে ৬৬ দশমিক ৫ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছিল, এবার যা বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ।

চার বছরের ব্যবধানে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এনজিও, বীমা, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতি বেড়েছে, কমেছে শিক্ষা, বিদ্যুত, কৃষি ও গ্যাস খাতে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সেবা খাতে দুর্নীতির সার্বিক তথ্যকে ’উদ্বেগজনক’ বলেছেন।

এ সংস্থা বলছে, দুর্নীতির সাথে জড়িতদের আইনানুগভাবে জবাবদিহি নিশ্চিত করার সুপারিশের পাশাপাশি এজন্য বিভাগীয় পদক্ষেপ নিতে হবে এবং দুদককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এছাড়া সেবাগ্রহীতার সাথে সেবাদাতার প্রত্যক্ষ যোগাযোগ কমাতে সকল সেবা ডিজিটালাইজড করা, সেবাদাতা প্রতিষ্ঠানে ওয়ান স্টপ সার্ভিস চালু ও তার প্রয়োগ নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাদিহি বাড়াতে গণশুনানির মত কাযক্রম নিশ্চিত করা, সেবামূল্য সম্পর্কিত তথ্য হালনাগাদ করে দৃষ্টিগোচর স্থানে স্থাপন করাসহ বেশকিছু সুপারিশ করেছে টিআইবি।