Published : 17 Oct 2023, 06:31 PM
পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ জাহানারা ফেরদৌসের আদালতে প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী উপপরিদর্শক শফিকুল ইসলাম। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন।
পরে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির কর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু, আলফাজ ওরফে আব্বাস ও রফিক।
বিএনপি জোটের টানা হরতাল-অবরোধের মধ্যে ২০১৫ সালের ১৮ জানুয়ারি ঢাকার মৎস্য ভবনের সামনের রাস্তায় বিএনপির মিছিল থেকে পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হলে কনস্টেবল শামীম আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ঘটনার পরদিন ১৮ জানুয়ারি উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেন।
ই ঘটনায় রমনা মডেল থানার এসআই শফিকুল ইসলাম এই হত্যা মামলাটি দায়ের করেন। সেখানে রিজভী, সোহেল ও এম কে আনোয়ারসহ ৩১ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জুলাই আদালতে অভিযোগপত্র দেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস। সেখানে আটজনকে আসামি করা হয়।
ওই আটজনের মধ্যে মোহাম্মদ হোসেন নামের এক আসামির মৃত্যু হলে তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।
গত ৩১ অগাস্ট ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।