Published : 31 Aug 2023, 05:24 PM
পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ সাতজনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার বৃহস্পতিবার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার অপর আসামিরা হলেন- বিএনপির কর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন
টিপু ও আলফাস ওরফে আব্বাস।
তাদের মধ্যে আসামি আনোয়ার হোসেন টিপু পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রিজভীসহ অন্য আসামিরা আদালতে হাজির ছিলেন। তারা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন বলে জানান আসামিপক্ষের অন্যতম আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।
বিএনপি জোটের টানা হরতাল-অবরোধের মধ্যে ২০১৫ সালের ১৮ জানুয়ারি ঢাকার মৎস্য ভবনের সামনের রাস্তায় বিএনপির মিছিল থেকে পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হলে কনস্টেবল শামীম আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ওই ঘটনায় রমনা মডেল থানার এসআই শফিকুল ইসলাম এই হত্যা মামলাটি দায়ের করেন। সেখানে রিজভী, সোহেল ও এম কে আনোয়ারসহ ৩১ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জুলাই আদালতে অভিযোগপত্র দেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস। সেখানে আটজনকে আসামি করা হয়।
ওই আটজনের মধ্যে মোহাম্মদ হোসেন নামের এক আসামির মৃত্যু হলে তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।