২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শত যুব প্রতিনিধি যাচ্ছেন ভারতে

ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামের এবারই প্রথম ডেলিগেট বাছাইয়ে অডিশন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 10:29 PM

Updated : 11 Oct 2022, 10:29 PM

আট দিনের সফরে বুধবার ভারতে যাচ্ছেন বাংলাদেশের ১০০ সদস্যের যুব প্রতিনিধি দল। 

এ উপলক্ষে মঙ্গলবার ঢাকার শেরাটন হোটেলে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের জন্য ‘ফ্ল্যাগ-অফ’ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় ভারতীয় হাই কমিশন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশন জানিয়েছে, এই সফরে যুব প্রতিনিধিরা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কর্তাদের সাথে মতবিনিময় করবেন। 

“ডেলিগেটরা ভারতের গুরুত্ববাহী ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও পরিদর্শন করবেন। এ সফরটিকে বিশেষভাবে সাজানো হয়েছে, যাতে ডেলিগেটরা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।” 

‘ফ্ল্যাগ-অফ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ ও চলচ্চিত্র অভিনেতা আরেফিন শুভ অনুষ্ঠানে বক্তব্য দেন। 

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামের যাত্রা শুরু হয় ২০১২ সালে। ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামের মত শহরে এই প্রথম ডেলিগেট বাছাইয়ের জন্য অডিশন হয়েছে। 

হাই কমিশন বলছে, বাছাই প্রক্রিয়াটি ব্যাপকভাবে সমাদৃত হয় এবং হাই কমিশন সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ার সময় অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করে ‘উদ্বেলিত’। 

“বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে এ বছর বিভিন্ন পেশার অংশগ্রহণকারীদের মেলবন্ধন রয়েছে এবং এতে সমগ্র বাংলাদেশ থেকে আসা অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই ডেলিগেটদের মাঝে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ অন্যরা রয়েছেন।”