প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের বৈঠক
জাতিসংঘকেন্দ্রিক বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নিয়েছেন।
শুক্রবার নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে এ বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানিয়েছেন।
তিনি জানান, এ বৈঠকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, বহুপক্ষীয় সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।
পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
