দেশের ডিজিটাল গণমাধ্যমের প্রসারে খালিদীর অবদান অনস্বীকার্য: ইডাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র খালিদী দুই মেয়াদে ইডাসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডাস)।
সংগঠনটির সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহ এক শোকবার্তায় বলেন, বাংলাদেশে অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন ‘পথিকৃৎ’।
“বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটিকে ২৪ ঘণ্টার ওয়েব-ভিত্তিক সংবাদমাধ্যমে রূপান্তর করতে তিনি মূল ভূমিকা পালন করেন। দেশের ডিজিটাল গণমাধ্যমের প্রসারে তার এই অবদান অনস্বীকার্য।”
ইংরেজি বিভাগের সাবেক ছাত্র খালিদী দুই মেয়াদে ইডাসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, ইডাস-এর সাধারণ সম্পাদক হিসেবে তৌফিক ইমরোজ খালিদী ‘ইডাস ব্যাশ’সহ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
“তিনি সংগঠনের কর্মসূচি ও উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
ব্যক্তিগত সফরে লন্ডন সফররত তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
কর্মজীবনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছাড়াও দ্য ডেইলি স্টার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ (বাংলা) বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
