নাশকতা ঠেকাতে ১৩ হাজার আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত
রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ প্রায় ১ হাজার ৮৫১টি স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তারা।
রেল ও সড়ক পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সারাদেশে ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনার পর বাহিনী এই বিজ্ঞপ্তি দিল।
সম্প্রতি গাজীপুরে রেললাইন কেটে নাশকতার পাশাপাশি বিভিন্ন সময় রেলের বগিতে, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
বিএনপির ডাকা অবরোধ এবং হরতাল ঘিরে এসব নাশকতা করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করে আসছে।
আনসারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ হাজার আনসার এবং ভিডিপি সদস্য রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ প্রায় ১ হাজার ৮৫১টি স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
