নিজেকে ‘খাঁচাবন্দি’ করে পশু পাখির মুক্তি দাবি
প্রতীকী এ প্রতিবাদ কর্মসূচিতে তার শ্লোগান- মুক্তি চাই; ‘খাঁচায় বন্দী না করে আমাকে আমার আবাসস্থলে যেতে দাও’।
শখ করে পশু পাখি খাঁচাবন্দি করে রাখাকে 'অমানবিক' দাবি করে সেগুলোর মুক্তি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ব্যতিক্রমী এক প্রতীকী কর্মসূচি পালন করছেন এক পরিবেশকর্মী ও সাংবাদিক।
নিজেকে খাঁচায় বন্দি করে সোহেল হোসেন শনিবার সকাল ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি শুরু করেন; যা চালিয়ে যাবেন আরও তিন দিন।
প্রতীকী এ প্রতিবাদ কর্মসূচিতে তার শ্লোগান- মুক্তি চাই; ‘খাঁচায় বন্দী না করে আমাকে আমার আবাসস্থলে যেতে দাও’; ‘পশু প্রাণীও কথা বলে, তবে শুধু যারা বোঝে তাদের সঙ্গেই’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, খাঁচায় পাখি পোষা বর্তমানে শৌখিনতার পরিচয় বলে মনে করেন অনেকে। শুধু পাখি নয় বিভিন্ন বন্যপ্রাণী খরগোশ, বানরও অনেকে পোষেন। অনেকের কাছে এসব বন্যপ্রাণী পোষা আভিজাত্যের পরিচয়। তবে এদের খাঁচায় বন্দী করে রাখা অমানবিক।
খাঁচায় বন্দী রাখার কারণে বন্যপ্রাণী বিলুপ্তির মুখে মন্তব্য করে নিজেকে পরিবেশকর্মী হিসেবে পরিচয় দেওয়া এই সাংবাদিক বলেন, পাখিদের ডিম দেওয়ার সময়, বাচ্চা ফোটানোর সময় একটা আয়োজন থাকে। তারা খড়, কুড়া সংগ্রহ করে বাসা বানায়। কিন্তু খাঁচায় বন্দী থেকে সে এগুলো পায় না।
“ফলে ফ্লোরে পড়ে তার ডিম ফেটে যাচ্ছে, যার ফলে বাচ্চা ফোটাতে পারে না। আর এর ফলে ধীরে ধীরে ওই প্রজাতি বিলুপ্ত হচ্ছে।“
সোহেল বলেন, এটা আমার ব্যক্তিগত লড়াই। আমি একজন কোনো সিস্টেম পরিবর্তন করতে পারব না। তবে আমি দেখিয়ে দিলাম কোনো পাখি প্রাণী খাঁচায় বন্দী করা যাবে না, নিষ্ঠুর আচরণ করা যাবে না। টাকার বিনিময়ে এই অবলা প্রাণীগুলোকে আর নির্যাতন করা যাবে না।
“সারা বিশ্বে যখন চিড়িয়াখানা, খাঁচায় বন্দীর কনসেপ্ট চেইঞ্জ হয়ে যাচ্ছে, তখন কেন আমাদের দেশে হবে না,” প্রশ্ন রাখেন তিনি।
