২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসাবান্ধব সরকার নিশ্চিত করেছি: শেখ হাসিনা

“আমরা বিরোধী দলে থাকা অবস্থায় পরিকল্পনা নিয়েছিলাম- সরকারে গেলে কী করব,” বলেন তিনি।

ব্যবসাবান্ধব সরকার নিশ্চিত করেছি: শেখ হাসিনা

এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 12:23 AM

Updated : 17 Jul 2023, 01:13 AM

বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য প্রসারিত করে দেশের অর্থনীতি আরও বিকশিত ও শক্তিশালী করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

তিনি বলেছেন, “ব্যবসায়ীকে উৎসাহিত করা, সুযোগ সৃষ্টি করা, সুবিধা তৈরি করে দেওয়া, পরিবেশ তৈরি করে দেওয়া এবং সেই সুযোগ নিশ্চিত করে ব্যবসাবান্ধব সরকার আমরা নিশ্চিত করেছি।"

শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ কখনও কোনো ব্যবসায়ীকে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখে বিচার করে না উল্লেখ করে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, “দল-মত নির্বিশেষে কে কোন দলের- আমরা কিন্তু সেটা দেখিনি। কে কোন ব্যবসা করে, কার কারণে দেশের মানুষ লাভবান হচ্ছে, সেটাই আমার কাছে বিবেচ্য।

“ব্যবসা-বাণিজ্যের জন্য যার যতটুকু সুযোগ-সুবিধা প্রয়োজন, আমরা কিন্তু সেটা দিই। এটা বলতে পারি আমরা কিন্তু হাওয়া ভবন খুলিনি; স্বাধীন মতো যাতে ব্যবসা করতে পারেন- সেই ব্যবস্থাটাই করে দিয়েছি।”

রপ্তানি বাড়াতে নতুন বাজার ও পণ্য খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, “এ জন্য সরকার সর্বদা তাদের পাশে থাকবে।"

তিনি বলেন, “শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়নেরও চিন্তা-ভাবনা করতে হবে। সেজন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে যেমন বয়স্ক অভিজ্ঞ ব্যবসায়ীরা আছেন, আবার নতুন প্রজন্মের ব্যবসায়ীরাও আছেন। আমাদের যুব সমাজকে আমরা সেভাবে উৎসাহিত করতে চাই, তারা নিজেরাই মাস্টার হবে, নিজেরাই উদ্যোক্তা হবে, নিজেরাই চাকরি দেবে, সে যোগ্যতা তারা অর্জন করবে।

“সেজন্য ইতিমধ্যে স্টার্টআপ প্রোগ্রাম আমরা কার্যকর করেছি। স্টার্টআপ প্রোগ্রামের পাশাপাশি তাদের জন্য স্পেশাল ফান্ডও রেখেছি আমি বাজেটে। কোম্পানি আইন পরিবর্তন করে এক ব্যক্তি যাতে একাধিক কোম্পানি খুলতে পারে সেই ব্যবস্থাও নিয়েছি।”

ব্যবসায়ীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ হচ্ছে ব্যবসায়ীবান্ধব সরকার। সেটা নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন। আমি চাই, ব্যবসা-বাণিজ্যের দিক থেকে বাংলাদেশ আরও এগিয়ে যাক।”

ইনকিউবেটর সেন্টার তৈরি করে কম্পিউটার ট্রেনিং দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাছাড়া স্কুল লেভেল থেকে কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, সেখানে ট্রেনিং দিচ্ছি। পাশাপাশি ন্যানো টেকনোলজির জন্য একটি আইনও করে দিয়েছি।

Image

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

“ন্যানো টেকনোলজি ইনস্টিটিউট গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। আইন ইতোমধ্যে কেবিনেটে অনুমোদন দিয়েছি। দ্রুতই আইন পার্লামেন্টে পাস করে দেব। চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত স্মার্ট জনগোষ্ঠী যেন গড়ে ওঠে, সেজন্য এসব পদক্ষেপ আমরা নিয়েছি।"

বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়ার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা বিরোধী দলে থাকা অবস্থায় পরিকল্পনা নিয়েছিলাম- সরকারে গেলে কী করব। আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করেছি। ব্যবসা-বাণিজ্যে বেসরকারি খাতকে আমরা উন্মুক্ত করে দিয়েছি।

“ব্যাংক, বীমা, হেলিকপ্টার সার্ভিস, বিমান থেকে শুরু করে বেসরকারি টেলিভিশন, শিল্প, কলকারখানা, হাসপাতাল- যা কিছু যেখানে দরকার, সবকিছু তৈরি করার জন্য বেসরকারি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।"

বেসরকারিকরণকে উৎসাহিত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “শিল্প, কলকারখানা বা বিনিয়োগ যদি না হয়, কর্মসংস্থান সৃষ্টি হবে না। অনেক বাধা অতিক্রম করে আমাদের এসব করতে হয়েছে। অনেক পরামর্শদাতা বিদেশ থেকে এসে পরামর্শ দিত, এটা করা যাবে না, ওটা করা যাবে না।

“সরকার গঠনের আগেই এই পরামর্শ শুনতে হয়েছে। আমার একটাই কথা ছিল, দেশটা আমাদের। মাটি ও মানুষও আমাদের। তাদের ভালো-মন্দ কী হবে সেটা আমরা বুঝি, জানি। আমরা আমাদের মতো করেই করব।"

ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, “সাবমেরিন কেবল দিয়ে সারা বাংলাদেশে ইন্টারনেট ছড়িয়ে দিয়েছি। সাড়ে ৮ হাজারের বেশি ডিজিটাল সেন্টার। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই।"

তিনি বলেন, “আমাদের দেশের জনগণ হবে স্মার্ট সিটিজেন, আমাদের ইকোনোমি হবে স্মার্ট ইকোনমি, আমাদের সমস্ত গভর্নমেন্টকে আমরা স্মার্ট গভর্নমেন্ট করতে চাই, পাশাপাশি আমাদের সমাজ হবে স্মার্ট সোসাইটি। এভাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।

“২০০৮ সালে ঘোষণা দিয়েছিলাম, দিন বদলের সনদ, রূপকল্প ২০২১। আমরা তা বাস্তবায়ন করেছি। ফলে আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এখন আমরা শিল্প কলকারখানা, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রে স্মার্ট ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে চাই। সে ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি রোবোটিক, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল ডিভাইসে।”

উন্নয়ন করতে গিয়েও যে বিড়ম্বনার মুখে পড়তে হয় তা তুলে ধরতে গিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, “একজন বলে দিলেন, ‘এত টাকা খরচ করে পদ্মা সেতু, মেট্রোরেল করার কী দরকার ছিল।’ মানে আপনি যাই করতে যান, কিছু লোকের মানসিকতাই হচ্ছে- কিছুই ভালো লাগে না। তাই কিছুই ভালো লাগে না লোকের কথা ভুলে গিয়ে দেশের উন্নয়নের জন্য যা করা দরকার, সেটাই করতে হবে।"

Image

এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনের প্রতিবেদন উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনা বলেন, “অনেকেই বলেছিলেন যে, ‘এত ব্যাংক দিয়ে কী হবে? বাংলাদেশের অর্থনীতি তো এত বড় না।’ আমার কথা ছিল, অর্থনীতি তো এত ছোটো থাকবে না।

“অর্থনীতি বড় করার জন্যই তো আমাকে ব্যাংক দিতে হবে। কাজেই সেভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।"

সম্মেলনের শুরুতে এফবিসিসিআইয়ের ৫০ বছর এবং এই যাত্রায় দেশের অর্থনীতি ও উন্নয়নের অবদানের ওপর একটি ‘থিম সঙ’ পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশ বিজনেস সামিট প্রতিবেদনও উন্মোচন করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, আবদুল মাতলুব আহমদ, মীর নাসির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ ও এ কে আজাদ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মির্জা নুরুল গনি শোভন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মোহাম্মদ আবুল বাশার, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ নাসির উদ্দিন, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ নারী শিল্প ও বণিক সমিতির (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমেদ, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।