২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘নির্বাচনের ফল অভ্যন্তরীণ রাজনীতিতে সমস্যা তৈরি করবে’

“আওয়ামী লীগের নিজের দলের প্রতিও সমস্যা তৈরি করবে। মিত্রদের মাঝে সংকট তৈরি করবে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 03:57 AM

Updated : 08 Jan 2024, 03:57 AM

আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে স্বতন্ত্রদের জয়ের এবারের নির্বাচনের ফল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক ধরনের সংকট ডেকে আনবে বলে মনে করেন সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার। 

তিনি বলেছেন, আওয়ামী লীগের নিজের দলের প্রতিও সমস্যা তৈরি করবে। মিত্রদের মাঝে সংকট তৈরি করবে। 

এ সমস্যা থেকে বেড়িয়ে আসতে ক্ষমতাসীন দলটি কী কৌশল ব্যবহার করবে সেটিও অজানা বলে মন্তব্য করেন তিনি। 

দ্বাদশ জাতীয় সংসদের ঘটনাপ্রবাহ, ফলাফল ও বিশ্লেষণ নিয়ে রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

বিভুরঞ্জন সরকার বলেন, আমাদের দেশে রাজনীতিতে কৌশল, বুদ্ধিমত্তা ও নমনীয়তা এগুলো রাজনীতির সাধারণ বৈশিষ্ঠ্য। এখানে বুদ্ধিমত্তা সাধারণত দেখা যাচ্ছে না। কৌশল দেখা যাচ্ছে বেশ আর এই কৌশলের জন্যই আওয়মী লীগ বারবার এগিয়ে থাকছে। নীতিগত অবস্থানের কারণে এগিয়ে থাকছে এটা আমি আর মনে করি না। 

তিনি বলেছেন, একটা শক্তিশালী বিরোধী দল থাকা উচিত। নামকাওয়াস্তে বিরোধী দল না। আমাদের দেশে কয়েকটা সংসদে আমরা দেখেছি, অনুগত বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল। সেই রকম বিরোধী দলও কিন্ত আসলে কার্যকর না। কোনো গণতান্ত্রিক চর্চা বিকশিত করার ক্ষেত্রে এদের কোনো ভূমিকা থাকে না। 

“বিরোধী দলহীন সংসদ এটা কিন্ত প্রত্যাশিত না। বাস্তবে কিন্ত তাই হচ্ছে। এই নির্বাচনের ফলাফল যেটা দেখা যাচ্ছে যে, গত সংসদেও যে আসন ছিল তার থেকেও অনেক কমে যাচ্ছে। মানে বিরোধী দলের চেয়ে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই বেশি।”

স্বতন্ত্র প্রার্থীদের অনেকে আওয়ামী লীগে যোগ দেবে বলে মনে করেন বিভুরঞ্জন। 

তিনি বলেন, তারা কেউ বিরোধী দল হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন আমার অন্তত মনে হচ্ছে না। দুয়েকটা ব্যতিক্রম হতে পারে। স্বতন্ত্রের মধ্যেই যারা নির্বাচিত হয়েছেন, তারা হয়ত আওয়ামী লীগে যোগ নাও দিতে পারেন। কিন্ত বেশিরভাগই দিবেন বলেই আমার ধারণা। ফলে আসলে এটা একটা একদলীয় সংসদ-ই হবে। 

বিভুরঞ্জন সরকার বলেন, আওয়ামী লীগকে যেই চ্যাম্পিয়ন বলা হয় অসাম্প্রদায়িক রাজনীতির চ্যাম্পিয়ন। কিন্তু এটা এখন তো কাগজে-কলমে সীমাবদ্ধ আছে বলে অনেকেই মনে করেন। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির ধারক-বাহক সেটা আমারও মনে হয় না।