১৭ বছর ফেরারি, অবশেষে ধরা ফাঁসির আসামি
খুন করে মাজারে মাজারে কাটিয়েছেন কয়েক বছর।
কবিরাজির নামে প্রতারণা ছিল তার পেশা, চিকিৎসা দেওয়ার নামে জমিজমা লিখে নিতে ব্যর্থ হয়ে দেড় যুগ আগে খুন করেন এক নারীকে; এরপর থেকেই ফেরারি তিনি, মাঝে তার মৃত্যুদণ্ডের আদেশও হয়।
ঢাকার মোহাম্মদপুরের বছিলা থেকে বুধবার রাতে হেমায়েত ওরফে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ কবিরাজ (৫২) নামের ওই পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সবশেষ পাঁচ বছর ধরে তিনি বছিলায় বসবাস করছিলেন।
বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ২০০৫ সালের অক্টোবরে বাগেরহাট সদর এলাকায় মনু বেগম নামে এক নারী খুন হন। এ নারীর বস্তাবন্দি লাশ পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।
“এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে হেমায়েত ওরফে জাহিদ কবিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে বিচারিক কার্যক্রম শেষে আদালত ২০০৯ সালের জুন মাসে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।”
আরেক মামলার তদন্ত করতে গিয়ে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয় জানিয়ে তিনি বলেন, “আমরা প্রতারণার শিকার একজনের অভিযোগের তদন্ত করতে গিয়ে তার ব্যাপারে বিস্তারিত খোঁজাখুজি শুরু করলে নাম নিয়ে সন্দেহ হয়। পরে জানতে পারি, তার প্রকৃত নাম হেমায়েত উদ্দিন।
“কিন্তু হত্যাকাণ্ডের পর সে নাম পরিবর্তন করে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ কবিরাজ নামে নিজেকে পরিচিত করে তোলে।”
র্যাব কর্মকর্তা মঈন জানান, হেমায়েতের বাড়ি পিরোজপুরে হলেও বাগেরহাটে গিয়ে বাবার মত কবিরাজি পেশা শুরু করেন। অসুস্থতার কারণে মনু নামের এক নারী তার কাছে চিকিৎসা নিতে এসেছিলেন।
মনু একজন নারী উদ্যোক্তা উল্লেখ করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, “কবিরাজ হেমায়েত ওরফে জাহিদ কবিরাজ যখন জানতে পারে- এই নারীর বেশ কিছু টাকা এবং সম্পত্তি আছে, তখন তাকে নানাভাবে প্রলুদ্ধ করে।
“একপর্যায়ে ‘জ্বিন নামাবে’, শরীর ভাল হয়ে যাবে- এ ধরনের কথা বলে জমির কাগজ তার কাছ থেকে নিয়ে রাখে। এবং সুযোগ বুঝে নানা ধরনের ভেষজ ওষুধ খাইয়ে তাকে অজ্ঞান করে দলিলে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু ওই নারী বুঝতে পেরে বাধা দিলে সহকারী সোবহানের সহায়তায় খুন করে।”
পরে বস্তাবন্দি করে পাশে ধানক্ষেতে ফেলে রাখে উল্লেখ করে মঈন জানান, লাশ উদ্ধার হওয়ার পর থেকে কবিরাজ হেমায়েত আত্মগোপনে চলে যায়।
“প্রথমে সে যশোরের একটি মাজারে গিয়ে আশ্রয় নেন, পরে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আজমীর শরীফে গিয়ে সেখানকার কিছু পরিচিত লোকজন নিয়ে আবারও কবিরাজি ব্যবসা শুরু করেন।
প্রায় তিন বছর পর দেশে ফিরে জাহিদুল নাম ধারণ করে ঢাকার মিরপুরে এসে আবারও কবিরাজি ব্যবসা শুরু করে। এর মধ্যে সে এ নামে জাতীয় পরিচয়পত্র বানিয়ে নেয়।”
র্যাবের এ কর্মকর্তা জানান, কখনও মিরপুরে কখনও আদাবরে, কখনও কেরানীগঞ্জে অবস্থান করে হেমায়েত কবিরাজির নামে প্রতারণা চালিয়ে যাচ্ছিল। সবশেষ বসবাস করছিলেন বছিলায়।
