২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন নতুন ১১ বিচারক

নতুন বিচারকদের শপথের পর হাই কোর্টের বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2022, 07:44 PM

Updated : 31 Jul 2022, 07:44 PM

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১১ বিচারক শপথ নিয়েছেন।

অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রোববার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, উভয় বিচার বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা মো. শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নিয়েছেন।

এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমানকেও বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির-উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলী রেজা, আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন ও আইনজীবী এ কে এম রবিউল হাসান হাই কোর্টের বিচারক হিসেবে শপথ নিয়েছেন।

রোববার দুপুরে আইন ও বিচার বিভাগের এক আদেশে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য তাদের নিয়োগ কার্যকর হবে।

তাদের নিয়ে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে বিচারকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫ জনে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ইতোমধ্যে হাই কোর্টের বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন।

একক ও দ্বৈত মিলিয়ে মোট ৫৩টি বেঞ্চ গঠন করেছেন তিনি। এর মধ্যে ১৬টি একক বেঞ্চ; বাকি ৩৭টি দ্বৈত।

রোববার বিকালে হাই কোর্টের এক বিজ্ঞপ্তিতে জাননো হয়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চ বিচারকাজে বসবে।

এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২০ অক্টোবর নয়জনকে হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয় সরকার। শপথ গ্রহণের দুই বছর পর গত বছরের ২৮ অক্টোবর তারা স্থায়ী হন।