২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘আগাম নোটিস ছাড়াই’ উচ্ছেদ অভিযান চালাবে ডিএনসিসি: প্রশাসক

মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে, বলেন তিনি।

‘আগাম নোটিস ছাড়াই’ উচ্ছেদ অভিযান চালাবে ডিএনসিসি: প্রশাসক

শনিবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় মেট্রোরেল এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 03:22 PM

Updated : 26 Sep 2026, 03:22 PM

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এখন থেকে ‘আগাম নোটিস ছাড়াই উচ্ছেদ’ অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় মেট্রোরেল এলাকায় ডেঙ্গুর প্রতিরোধে এইডিস মশার লার্ভা ধ্বংস ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এ কথা বলেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ১০ নম্বর গোলচত্বর, হোপ মার্কেট ও রাড্ডা বার্নানেনের সামনের ফুটপাতে অবৈধভাবে ব্যবসা করা ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

“আগে নোটিস দিয়ে উচ্ছেদ করতাম। আমরা উত্তর সিটি করপোরেশন সিদ্ধান্ত নিয়েছি জনদুর্ভোগ লাঘবের জন্য, জনগণের সেবা নিশ্চিত করার জন্য আর কোনো নোটিস নয়। এবার শুধু উচ্ছেদ হবে, যেই উচ্ছেদের মধ্য দিয়ে ফুটপাত ব্যবহার করবে নগরবাসী।”

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ি, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি জমতে দেওয়া যাবে না। মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে।

মেট্রোরেলের পিলারে লাগানো পোস্টার আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য স্থানীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

সাম্প্রতিক ভারি বর্ষণে জলাবদ্ধতা কমেছে দাবি করে তিনি বলেন, কাজীপাড়া-শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কার করা হয়েছে।