২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দুই দূতের

ভ্যাটিকানের বিদায়ী দূতকে ধন্যবাদ জানিয়েছেন আবদুল হামিদ।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দুই দূতের

রাষ্ট্রপতির সঙ্গে শ্রীলঙ্কায় নিযুক্ত হাই কমিশনার আরিফুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 10:00 PM

Updated : 03 Sep 2022, 09:59 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারেক মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও ডিপ্লোম্যাটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি।

দুই রাষ্ট্রদূত শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।”

রাষ্ট্রপতি বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি এ সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারণের উদ্যোগ নিতে নির্দেশনা দেন।

পরে ভ্যাটিকানের বিদায়ী দূত আর্চবিশপ জর্জ কোচেরি সাক্ষাৎ করেন। তিনি দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

Image

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ভ্যাটিকানের বিদায়ী রাষ্ট্রদূত কোচেরি।

রাষ্ট্রপতি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক কোরের ডিন হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভ্যাটিকানের বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।

ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ খুবই গুরুত্ব দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে ভ্যাটিকানের বিদায়ী দূতের গৃহীত পদক্ষেপে প্রশংসা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।