২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঢাকাকে রাতারাতি সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানানোর প্রতিশ্রুতি দিতে চাই না: এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকার ৫৫টি খালের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ এবং পয়ঃবর্জ্য শোধন করে নদীতে ফেলার উদ্যোগের কথা বলেছেন মীর শাহে আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 07:29 PM

Updated : 27 Sep 2026, 07:29 PM

ঢাকাকে রাতারাতি সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানানোর ‘মিথ্যা প্রতিশ্রুতি’ না দিয়ে ধাপে ধাপে বাসযোগ্য নগরী গড়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৫টি খালের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ এবং পয়ঃবর্জ্য শোধন করে নদীতে ফেলার উদ্যোগের কথা বলেছেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় জিরানী খাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন।

মীর শাহে আলম বলেন, “ঢাকা দক্ষিণের ২৬টি এবং উত্তর সিটি করপোরেশনের ২৯টি খালের দুই পাড়ে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এতে অবৈধ দখল রোধ হবে এবং নগরবাসীর জন্য চলাচলের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ঢাকা মহানগরীর পয়ঃবর্জ্য শোধন করে নদীতে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য গঠিত কমিটি ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে।”

খাল উদ্ধার ও পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, “আমরা একদিনেই দেশকে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। বাস্তবতাকে সামনে রেখে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই। তবে নদী-খাল রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা সরকারের একার পক্ষে সম্ভব নয়। ঢাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, “ডিএসসিসির নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে অবকাঠামোগত সুবিধার জন্য সরকার পর্যাপ্ত বরাদ্দ দিলেও মাস্টারপ্ল্যানের আওতায় সামগ্রিক উন্নয়নের জন্য আরও বরাদ্দ প্রয়োজন।”

এ সময় রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান এবং পানিসম্পদ সচিব এ কে এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।