Published : 16 Sep 2026, 05:04 PM
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাই কমিশনার আসাদ আলম সিয়ামের ভারতের সম্মতির বিষয়ে দুদেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তার আগে এ বিষয়ক খবর আমলে না নেওয়ার পরামর্শও মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে করা এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “এখানে আমার একটাই বক্তব্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ভারত সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা স্টেটমেন্ট না আসা পর্যন্ত এসব খবরের আমল না দিতে আমি অনুরোধ করব এবং এ ধরনের সংবাদ না করার জন্যও অনুরোধ করব।”
ঢাকার প্রস্তাবের পর এক মাসের বেশি সময় পার হলেও নয়া দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামকে দায়িত্ব দেওয়ার বিষয়ে ভারতের সম্মতি না দেওয়ার খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমে দ্য প্রিন্ট।
তাদের ওই প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশে নতুন হাই কমিশনার ও রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া বাংলাদেশ শুরু করেছিল গত জুলাইয়ে। এর অংশ হিসেবে দিল্লিতে সিয়ামকে পরবর্তী হাই কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য এক মাসের বেশি সময় আগে ভারতের অনুমোদন চাওয়া হয়।
কোনো কূটনীতিককে হাই কমিশনার করে পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের সম্মতি বা ‘অ্যাগ্রিমঁ’ প্রয়োজন হয়। ভারত এখনো সেই সম্মতি না দেওয়ায় সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না ঢাকা।
বর্তমানে ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এম রিয়াজ হামিদুল্লাহ। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জেনিভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
ফলে ভারতের সম্মতি না পাওয়া পর্যন্ত নয়া দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনারের দায়িত্ব নেওয়ার বিষয়টি আটকে থাকছে।