প্রথম স্ত্রীর কথা গোপন করায় কলহ, দ্বিতীয় স্ত্রীর ছুরিকাঘাতে যুবক খুন
পুলিশ বলছে, “প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন করাসহ একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে সুমাইয়ার সঙ্গে ঘটনার আগে ঝগড়া হয়।”
প্রথম স্ত্রীর কথা গোপন করা এবং পরকীয়া নিয়ে কলহের পর দ্বিতীয় স্ত্রীর ছুরিকাঘাতে রাজধানীর মহাখালীতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইনি হলেন- মহাখালীর সাততলা বস্তির বাসিন্দা শাওন পেদার (২০)। তিনি পিকআপ চালাতেন।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় পরিবারিক বিরোধকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রী সুমাইয়া আকতার (১৮) শাওনের পেটে ছুরিকাঘাত করে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
বনানী থানার ওসি নূরে আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
“প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন করাসহ একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে সুমাইয়ার সঙ্গে ঘটনার আগে ঝগড়া হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে শাওনের খালা রোমিজা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাওনের প্রথম স্ত্রী শাহনাজ বেগমের ঘরে জিহাদ নামে দুই বছরের ছেলে রয়েছে। তারা সিলেট থাকে।
শাওন সাততলা বস্তিতে থেকে পিকআপ চালাতেন। সেখানেই সুমাইয়ার সঙ্গে তার পরিচয় হয় এবং তারা ১০ মাস আগে বিয়ে করেন বলে জানান তিনি।
