২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বৃত্ত কর্মচারী আত্তীকরণ আইনের খসড়া পর্যালোচনায় কমিটি

আইনমন্ত্রী আনিসুল হককে আহ্ববায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য আছেন সাতজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 05:26 PM

Updated : 18 Jun 2023, 05:26 PM

মন্ত্রিসভার নির্দেশনা অনুসারে ‘সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের উদ্বৃত্ত কর্মচারী আত্তীকরণ আইনের’ খসড়া যাচাই-বাছাইয়ে একটি কমিটি করেছে সরকার।

আইনমন্ত্রী আনিসুল হককে আহ্ববায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি সাত সদস্যের এই কমিটি করে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবকে কমিটির সদস্য করা হয়েছে। জনপ্রশাসন সচিবকে দেওয়া হয়েছে সদস্য সচিবের দায়িত্ব।

সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের উদ্বৃত্ত কর্মচারী আত্তীকরণ আইনের খসড়া অনুমোদনের জন্য গত ১৩ জুন মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়। 

সরকারি চাকরি আইনেও উদ্বৃত্ত কর্মচারী আত্মীকরণের বিধান থাকায় মন্ত্রিসভা খসড়াটি অনুমোদন না দিয়ে এটি পর্যালোচনায় আইনমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠনের নির্দেশনা দেয়। তখন মন্ত্রিসভা জানিয়েছিল, সরকারি চাকরি আইন সংশোধন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

কমিটিকে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের উদ্বৃত্ত কর্মচারী আত্তীকরণ আইনটি সরকারি চাকরি আইন এবং উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক কিনা, তা যাচাই-বাছাই করতে বলা হয়েছে।

এছাড়া সরকারি চাকরি আইনের প্রস্তাবিত সংশোধন পরীক্ষা-নিরীক্ষা করে উদ্বৃত্ত কর্মচারী আত্তীকরণ আইনটি প্রণয়ন করার বিষয়ে কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে কমিটির সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে। কমিটি প্রয়োজন অনুযায়ী একাধিকবার বৈঠক করতে পারবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।