২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগ তদন্তের নির্দেশ হাই কোর্টের

ঢাকার খিদমাহ হাসপাতালের চিকিৎসক মো. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে রিট আবেদনে হয়েছে আদেশ।

চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগ তদন্তের নির্দেশ হাই কোর্টের

সুপ্রিম কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 07:33 PM

Updated : 24 Oct 2022, 07:33 PM

চিকিৎসা নিতে গিয়ে গত বছর মারা যাওয়া মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তরিকুল ইসলাম তোহা ওরফে প্রিন্সের অস্ত্রোপচারে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এই কিশোরের বাবা আবুল কাশেমের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার এই নির্দেশ দেয় আদালত।

তদন্ত কমিটিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চেয়ারম্যানের নির্বাচিত সহযোগী অধ্যাপক বা তদূর্ধ্ব পদমর্যাদার তিনজন বিশেষজ্ঞ চিকিৎসককে রাখতে বলা হয়েছে।

কমিটিকে আগামী ৩০ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

রিট আবেদনে রাজধানীর খিদমাহ হাসপাতালের চিকিৎসক মো. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি, ঢাকার জেলা প্রশাসক, খিদমাহ হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার ও ড. মো জাহাঙ্গীর কবিরকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীপক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক ও ব্যারিস্টার বিভূতি তরফদার।

প্রিন্সের বাবা আবুল কাশেমের পক্ষে আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান এই আবেদন দায়ের করেন।

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত এ বিষয়ে একটি রুল দিয়েছে এবং ঢাকা মেডিকেলের একজন চেয়ারম্যান মনোনীত বিশেষজ্ঞদের দিয়ে অবহেলা খতিয়ে দেখতে কমিটি করতে বলেছে।

‘ভুল চিকিৎসায় খাদ্যনালী ছিদ্র হয়ে স্কুলছাত্রের মৃত্যু’ শিরোনামে একটি প্রতিবেদন রিট আবেদনে যুক্ত করে দেওয়া হয়।

এতে বলা হয়, নবম শ্রেণির ছাত্র তরিকুল ইসলাম তোহা ওরফে প্রিন্স (১৭) গত বছরের ২৮ ডিসেম্বর মারা যান। ১৮ ডিসেম্বর খিদমাহ হাসপাতালে তার পিত্তথলি অপসারণে অস্ত্রোপচার করা হয়। ওই অস্ত্রোপচার করেছিলেন ডা. জাহাঙ্গীর কবির। অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দিলেও ‘জোর করে’ প্রিন্সকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।  বাসায় ফেরার পর প্রিন্সের অবস্থার আরও অবনতি হলে ২১ ডিসেম্বর খিদমাহ হাসপাতালে তাকে আবারও নেওয়া হয়। স্বজনদের অভিযোগ, প্রিন্স মুমূর্ষু অবস্থায় চলে গেলেও ডা. জাহাঙ্গীর কবির ‘পাত্তা দেননি’।