ডেমরায় সড়ক অবরোধে ব্যাটারিচালিত রিকশা চালকরা
পুলিশি অভিযানের প্রতিবাদে ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা সড়কে নেমেছিলেন।
ঢাকার ডেমরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা।
ডেমরা স্টাফ কোয়ার্টারে সামনে তাদের অবরোধের কারণে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে তোলা হয় বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি শফিকুর রহমান।
পুলিশ সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নেমে কয়েকটি আটক করেছিল। তার প্রতিবাদেই এই কর্মসূচিতে নামে চালকরা।
ওসি শফিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেমরা ও আশপাশ এলাকার প্রধান সড়কগুলোতে নিয়ম না মেনে ব্যাটারিচালিত রিকশাগুলো চলাচল করায় ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। সেই কারণেই অভিযান চালানো হয়।
তিনি বলেন, “রিকশা আটকে ক্ষুব্ধ হয়ে মালিকরা ইন্ধন দিয়ে চালকদের আজ ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে রাস্তা অবরোধে নামিয়ে দেয়। পরে সিনিয়র স্যারেরা এসে চালকদের সঙ্গে কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়।”
কী আশ্বাস দেওয়া হয়েছে- জানতে চাইলে ওসি বলেন, “তাদের বলা হয়েছে, তারা মহাসড়ক ও প্রধান প্রধান সড়কে রিকশা নিয়ে না ওঠে। অলিতে গলিতে চালানোর জন্য বলা হয়। তাহলে পুলিশ অভিযান চালাবে না। এতে আশ্বস্ত হয়ে চালকরা অবরোধ কর্মসূচি শেষ করে ফিরে যায়।”
