১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শবে বরাত কবে? জানা যাবে বৃহস্পতিবার

শাবান মাসের চাঁদ দেখার পর শবে বরাতের তারিখ জানাবে ইসলামিক ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 01:13 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

হিজরি শাবান মাসের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে বৃহস্পতিবার সন্ধ্যায়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভার পরই শবে বরাতের তারিখ জানানো হবে।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা বসবে বলে ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানিয়েছেন।

বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নির্দিষ্ট নম্বরে ফোন বা ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি কিংবা ইউএনওকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

শাবান মাসের ১৪ তারিখ রাত মুসলমানদের কাছে শবে বরাত বা ‘সৌভাগ্যের’ রাত হিসেবে বিবেচিত। মুসলমানরা এই রাতে ইবাদতে মশগুল হন।

সেইসঙ্গে শবে বরাত উপলক্ষে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ নানা ধরনের খাবার তৈরির চল রয়েছে। এসব খাবার দুঃস্থ-গরিবদের মাঝে বিরতরণের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে বাড়িতেও কেউ কেউ পাঠান।

বাংলাদেশে শবে বরাতের পরের দিনটি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।