১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গৃহকর্মী হত্যা মামলায় দম্পতি রিমান্ডে

“সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে, মরজিনার লাশ নোয়াখালীর চাটখিলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে,” বলেন তদন্ত কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী হত্যা মামলায় মাহবুবুল হক চৌধুরী ওরফে বাবর আলী (৫৯) ও তার স্ত্রী জামিলা চৌধুরীর (৪৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঢাকার মহানগর হাকিম এম. এ আজহারুল ইসলাম শুক্রবার বিকালে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

আদালতে প্রসিকিউশন পুলিশের এডিসি মাইন উদ্দিন বলেন, খিলগাঁও থানার এসআই আব্দুর রাজ্জাক রাজু দুই আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত তাদেরকে চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই আব্দুর রাজ্জাক রাজু বলেন, গত ১২ এপ্রিল গৃহকর্মী মরজিনা আক্তারকে অপহরণের অভিযোগে তার চাচা আব্দুর রহমান মামলা করেন।

“তদন্তে গিয়ে সাক্ষীদের জবানবন্দি নিই। জবানবন্দিতে উঠে আসে, মরজিনার লাশ নোয়াখালীর চাটখিলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। পরে ৩০২ ধারা (হত্যা) সংযুক্তের আবেদন করি। এরপর আসামিদের বৃহস্পতিবার হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।” 

মামলার বিবরণী বলছে, মাসে তিন হাজার টাকা বেতনে ১১ মাস আগে মরজিনা গৃহকর্মী হিসেবে বাবর আলীর বাসায় কাজ শুরু করেন। কাজ করার কিছুদিন পর মরজিনা তার দাদীকে মাঝে মাঝে মোবাইল ফোনে নির্যাতনের কথা জানায়। এর মধ্যে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

এরপর গত ২০ মার্চ আব্দুর রহমান ওই বাসায় গিয়ে দেখেন মরজিনা নেই। পরে পুলিশ জানতে পারে, গত ৭ এপ্রিল সকাল ৮টার দিকে নোয়াখালীর চাটখিলে রাম নারায়ণপুরে মরজিনার লাশ দাফন করে আসামিরা।