১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও সাবিনা আক্তার কারাগারে

ফয়সাল বিপ্লবকে ঢাকার মনিপুরী পাড়া থেকে এবং সাবিনা তুহিনকে ঢাকার নবাবগঞ্জে নিজ বাড়ি থেকে রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও সাবিনা আক্তার কারাগারে
সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও সাবিনা আক্তার তুহিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 09:35 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাব্কে এমপি ফয়সাল বিপ্লব ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান সোমবার বিকালে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সালকে রোববার রাতে ঢাকার মনিপুরী পাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময়ে দশম সংসদের সংরক্ষিত আসনের এমপি সাবিনাকে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়িতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ফয়সালকে গ্রেপ্তার দেখানো হয়। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে বিএনপি মহাসমাবেশের দিন সংঘর্ষের মধ্যে প্রাণ হারান শামীম। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা হয়।

আর ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয় সন্ত্রাস বিরোধ আইনের এক মামলায়।

শামীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ডিবির এসআই ফেরদৌস আলম সোমবার ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামির আইনজীবী জাহাঙ্গীর আলম জামিন চেয়ে শুনানি করেন।

শুনানিতে এ আইনজীবী বলেন, মামলার সঙ্গে ফয়সাল বিপ্লবের কোনো সম্পর্ক নেই। তদন্ত কর্মকর্তার মনগড়া কথায় উনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মনগড়া কথা বলে উনাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। উনি (ফয়সাল) উনার এলাকায় একজন জনপ্রিয় লোক। উনি নমিনেশন না পেয়েও সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েছেন। এ মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। উনার জামিন আবেদন করছি।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।

সোমবার সাবিনা আক্তার তুহিনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে শেরেবাংলা নগর থানা পুলিশ। আসামিপক্ষে আইনজীবী মোরশেদ আলম শাহীন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাবিনার বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, গত ৪ এপ্রিল সকাল ৭টার দিকে যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ ১৪/১৫ জন এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা শেরেবাংলা নগর থানা এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে মিছিল করেন। আসামিরা নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করতে প্রধান উপদেষ্টা পদত্যাগের দাবি করে দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করে। এ ঘটনায় ৪ এপ্রিল শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।