২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত বাধার মধ্যেও সত্য তুলে ধরছে বিডিনিউজ টোয়েন্টিফোর: জিএম কাদের

“বিগত সরকারের আমলেও অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে দীর্ঘদিন থেকে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 10:19 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

নানা প্রতিবন্ধকতার মধ্যেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সত্য তুলে ধরছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেছেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনেকদিন আগে থেকে আমি খেয়াল করেছি। বিগত সরকারের আমলেও অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে দীর্ঘদিন থেকে। 

“তারা শত বাধার মধ্যেও সত্য তুলে ধরছে। মানে যারা এখনো মিডিয়াতে আছে, তাদের মধ্যে আমি মনে করি এই মিডিয়াটি মোটামুটি স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি।

বর্তমানে সংবাদমাধ্যমগুলো তাদের ইচ্ছামত সংবাদ পরিবেশন করতে পারছে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, “বাধাগ্রস্ত হচ্ছে অথবা ভয়ভীতির মধ্যে আছে। স্বাভাবিকত্ব নেই। সংবাদ মাধ্যমে যে ফ্রিডম সেটাতে আমাদের ইনডেক্সেও আমরা অনেক পিছিয়ে আছি। এটা কিন্তু একটা বড় ধরনের সুশাসনের, গণতন্ত্রের একটা বড় মাপকাঠি।

“সংবাদপত্রের স্বাধীনতা যত বেশি তত সুশাসন হয়, জবাবদিহিতামূলক সরকার হয়, জবাবদিহিতামূলক সমাজ হয়। আর একইসঙ্গে এটাতে সুশাসন নিশ্চিত হয়। সেখানে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, এটা দুর্ভাগ্যজনক।”