২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোস্তফা জালাল-সোলায়মানকে বিএনপি কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হল

২০২৪ সালে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 02:52 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

 বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় ঢাকা-৭ আসনের সাবেক দুই সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই মো. রোকনুজ্জামান এ তথ্য দিয়েছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. তোফাজ্জল হোসেন গত ১৯ অগাস্ট সোলায়মান সেলিমকে ও গত ২৩ অগাস্ট  মোস্তাফা জালালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন রাখেন সোমবার।

এদিন শুনানিকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দিলে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণের বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। 

“এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়া পল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।”

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। 

২০২৪ সালের ১৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে সোলায়মান সেলিমকে এবং ২০২৫ সালের ২০ জানুয়ারি ভোরে মোস্তফা জালালকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।