‘বিস্ফোরক ও দেশি অস্ত্রসহ’ ছাত্রলীগের চারজন গ্রেপ্তার
মিরপুর ২ নম্বরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকার মিরপুর এলাকা থেকে ‘বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ’ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার বেলা সোয়া ২টার দিকে মিরপুর ২ নম্বরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তাররা হলেন- মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।
তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত এবং ‘ফ্যাসিস্ট সরকারের’ বিচারের দাবিতে আয়োজিত ছাত্রদলের মিছিলে ‘নাশকতার উদ্দেশ্যে’ স্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিল বলে দাবি করেছে ডিএমপি।
এ সময় তাদের কাছ থেকে দুইটি ককটেল, একটি চাপাতি, দুইটি চাকু, একটি দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়েছে, ছাত্রদলের একটি মিছিলে ‘নাশকতা ও দাঙ্গা’ সৃষ্টির উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা অর্থের বিনিময়ে লোকজন সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এলাকায় অবস্থান করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল ঘটনাস্থলে যায়, তখন অনেকে ‘পালিয়ে গেলেও’ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাস বিরোধী আইনে’ মামলা করা হয়েছে এবং ‘পলাতকদের’ গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
