লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
“আবির নামে এক যুবকের সঙ্গে কথাকাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে শুনেছি,” বলেন ওসি।
ঢাকার লালবাগ এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে লালবাগের শহীদনগর ২ নম্বর গলিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদ হোসেন নামের ২৫ বছর বয়সী এই যুবক ২ নম্বর গলিতেই পরিবারের সঙ্গে বসবাস করতেন। পাশেই একটি গহনা তৈরির কারখানায় কাজ কাজ করতেন তিনি।
তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়, বাবার নাম শাহ আলম।
ছুরিকাঘাতের পর আহত অবস্থায় হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু আব্দুল রাকিব বলেন, “সোমবার রাতে হোসেন ও বন্ধু নীরব এলাকায় হাঁটছিলেন। তখন নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল।
“নীরবের কাছে সেই পাইপটি চান স্থানীয় আবির নামে আরেক যুবক। পাইপ দিতে না চাইলে নীরবকে কয়েকটি চর থাপ্পড় মারে আবির। তখন আবিরকে পাল্টা কয়েকটি চড় থাপ্পর মেরেছিলেন হোসেন।”
রাতে ওই ঘটনার পর স্থানীয় কয়েকজন তাদের ডেকে মীমাংসা করে দেন। কিন্তু মঙ্গলবার কারখানায় কাজ শেষ করে বাসার দিকে যাওয়ার সময় আবির ‘সুইচ গিয়ার’ দিয়ে হোসেনের পেটে ৫-৬টি আঘাত করে বলে অভিযোগ করেন রাকিব।
আহত অবস্থায় হোসনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার কথা বলেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলী বলেছেন, “আবির নামে এক যুবকের সঙ্গে কথাকাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে শুনেছি।”
তিনি বলেন, আসামি আবিরকে এখনো আটক করা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
