১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিযানে গিয়ে ছুরিকাঘাতে ২ এসআই আহত

“কয়েকজনকে ধরতে গেলে একজন দুই এসআইকে ছুরি মেরে পালিয়ে যান,” বলেন পরিদর্শক (তদন্ত) মোর্শেদ আলম।

অভিযানে গিয়ে ছুরিকাঘাতে ২ এসআই আহত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 07:56 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

ঢাকার সায়েদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ছুরিকাঘাতে দুই এসআইয়ের আহত হওয়ার কথা বলেছে পুলিশ। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকের এ ঘটনায় ওয়ারী থানার এসআই মনিরুজ্জামান মনির রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। আরেক এসআই কাউসার চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। দুইজনেরই গালে আঘাত করা হয়েছে। 

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও ছুরিকাঘাত করা ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদ আলম।

তিনি বলেন, “সায়েদাবাদ রেলগেইট সংলগ্ন এলাকায় মাদক সেবন ও কেনাবেঁচার তথ্য পেয়ে আমাদের থানার দুই এসআইসহ ৫ জনের একটি দল অভিযানে গিয়েছিল। কয়েকজনকে গ্রেপ্তার করতে গেলে একজন দুই এসআইকে ছুরি মেরে পালিয়ে যান।”

তিনি বলেন, খবর পেয়ে পুলিশের বাড়তি ফোর্স ঘটনাস্থলে যায় এবং দুই এসআইকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

“সেখানে তাদের সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজনকে পরে পুলিশ হাসপাতালে নেওয়া হয়, তিনি এখনও সেখানে চিকিৎসাধীন। আরেকজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।”

এ ঘটনায় তিনজন গ্রেপ্তারের তথ্য দিয়ে ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ বলেন, “অভিযানে গিয়ে একজনকে ধরার পর আরেকজন দুই এসআইকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। কিন্তু যাকে ধরা হয়েছিল, তিনি পালাতে পারেননি। পরে এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় মামলা করে গ্রেপ্তার রিফাত হোসেন, মারুফ হোসেন ও সাব্বির হোসেন সিয়ামকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে পুলিশের ওপর হামলার পর ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও বেশ কয়েকজনকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়।

এদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও বাকিদের অর্থদণ্ড দেয় ডিএমপির ভ্রাম্যমান আদালত।