Published : 04 Jun 2026, 01:39 PM
রাজধানী ঢাকাসহ দেশের মোট ৪৮টি জেলার ওপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর; এই পরিস্থিতির বদল হচ্ছে না শনিবারের আগে।
বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগের ১৩টি জেলা, রাজশাহী বিভাগের ৮ জেলা, রংপুর বিভাগের ৮ জেলা, খুলনা বিভাগের ১০ জেলা, বরিশাল বিভাগের ৬ জেলাসহ চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শনিবারের আগে এ তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দেশের উত্তর-পূর্বাঞ্চলে ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু জায়গায় এখন বৃষ্টি হচ্ছে৷ ফলে উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা কিছুটা কম আছে। শনিবারের আগে দেশের অন্যান্য অঞ্চলে বেশি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। ফলে এদিকটায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
"তাপপ্রবাহের কবলে থাকা এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টিপাত হলে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে তাপপ্রবাহ কাটিয়ে উঠবে না। শনিবারের পর এ অঞ্চলগুলোতে ভারি বৃষ্টি হলে তাপপ্রবাহ কমে আসবে।"
বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু'এক জায়গায় এবং শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় ও খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চলের দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শুক্রবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে তুলে ধরা হয়েছে।
তবে বাতাসে জলীয়বাষ্পের আধিক্য থাকায় এ দুই দিন অস্বস্তিকর গরম অনুভূত হবে বলেও জানানো হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশ রৌদ্রোজ্জ্বল। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। এদিন দুপুর ১২টায় রাজধানীর তাপমাত্রার পারদ ঠেকেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে। সেখানে তাপমাত্রার পারদ ঠেকেছে ৩৮ ডিগ্রি দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।