শেখ মঈনউদ্দিন এবার রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী
গত ৫ মার্চ শেখ মঈনউদ্দিনকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয় সরকার।
প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিনকে এবার রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদের স্বাক্ষরে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, “শেখ মঈনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করতে শেখ মঈনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। রুলস অব বিজনেস অনুযায়ী তাকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হল।”
গত ৫ মার্চ শেখ মঈনউদ্দিনকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয় সরকার।
মঈনউদ্দিন ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি অ্যান্ড অপারেশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি একই বিভাগে প্রকল্প ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
মঈনউদ্দিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি নিয়েছেন।
