‘সার আত্মসাৎ’: সাবেক এমপি পোটনের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা
মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেছেন সংস্থার সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৮৪ কোটি টাকার ‘সার আত্মসাতের’ অভিযোগে আরেকটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, নরসিংদী ২ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেছেন সংস্থার সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
এর আগেও ২০২৩ সালের নভেম্বরে আমদানি করা সরকারি ৫৮২ কোটি টাকার সার ‘আত্মসাৎ’ করার অভিযোগে পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।
নতুন মামলায়ও তার সঙ্গে অন্য চারজনকে আসামি করা হয়েছে। তারা আসামিরা হলেন- মেসার্স পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন নিপু, মো. নাজমুল আলম বাদল, উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন এবং খুলনা ও নওয়াপাড়া প্রতিনিধি মো. আতাউর রহমান।
মামলার এজাহারে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বিদেশ থেকে আমদানি করা এমওপি, টিএসপি ও ডিএপি সার পরিবহন ও সরবরাহের জন্য মেসার্স পোটন ট্রেডার্সের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আটটি জাহাজের সার নির্ধারিত সরকারি গুদামে পৌঁছে দেওয়ার দায়িত্ব পায়। কিন্তু চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠানটি ওই সার গুদামে পৌঁছে না দিয়ে অন্যত্র বিক্রি করে দেয়। মোট ১ লাখ ৮৪ হাজার ৭১ মেট্রিক টন সার তারা অন্যত্র বিক্রি করে, যার বাজারমূল্য ১ হাজার ৮৪ কোটি ১ লাখ ৯ হাজার ৪১০ টাকা।
আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবদল নেতা শামীম মোল্লা হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডাকলে সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের ‘হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায়’ মহাসমাবেশে হামলা চালানো হয়।
সে সময় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় এই মামলা করা হয়।
