Published : 20 Jul 2026, 06:49 PM
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের প্রাণ গেছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৩৭ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু, যার মধ্যে জুলাইয়ের ১৯ দিনে ১৯ জনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে ভর্তি হন ২২ জন। ৫২ জন ভর্তি হন দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে। দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতাল বাদে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন।
বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ৪৩ জন ও ময়মনসিংহে ২১ জন, রাজশাহীতে চার ও রংপুরে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ৩৪৬ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১০ হাজার ৮৫৭ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৭৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখের বেশি।