১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রজন্ম চত্বরের ত্রিকোণ স্থাপনাটি ভাঙা হল, সেখানে হবে ‘জুলাই মনুমেন্ট’

শনিবার রাতে ওই স্থাপনার অর্ধেক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রজন্ম চত্বরের ত্রিকোণ স্থাপনাটি ভাঙা হল, সেখানে হবে ‘জুলাই মনুমেন্ট’
ঢাকার শাহবাগ মোড়ের প্রজন্ম চত্বরের স্থাপনাটি অর্ধেক ভেঙে রেখে দেওয়া হয়েছে। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 12:25 AM

Updated : 26 Aug 2026, 01:22 PM

রাজধানীর শাহবাগ মোড়ের ‘প্রজন্ম চত্বরে’র ত্রিকোণ স্থাপনাটি ভেঙে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

শনিবার রাতে ওই স্থাপনার অর্ধেক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বাকিটা রোববার রাতে ভেঙে ফেলার কথা। 

২০০৮ সালে সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন শাহবাগের বিলবোর্ড স্থাপনাটি নির্মাণ করেন। সেখানে একটি ডিজিটাল ডিসপ্লেও ছিল। পরে ডিসপ্লেটি সরিয়ে ফেলা হয়। 

২০১৩ সালে গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এ চত্বর প্রজন্ম চত্বর নামে পরিচিতি পায়। এটি মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে উঠেছিল।

রোববার সেখানে গিয়ে দেখা যায়, চত্বরের ওই স্থাপনার একটা অংশ ভেঙে ফেলা হয়েছে। ভাঙা কংক্রিট, রড রাস্তায় পড়ে আছে।  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে স্থাপনাটি ভাঙা হচ্ছে। সেখানে জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখার জন্য একটি মনুমেন্ট তৈরি হবে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্র জনতার আন্দোলনের স্মৃতি ধরে রাখতে একটা মনুমেন্ট হবে। এ কারণে প্রশাসক স্যারের নির্দেশে এটা ভেঙে ফেলা হয়েছে। 

“আর স্যার এ বিষয়ে মিনিস্ট্রি থেকে নির্দেশনা পেয়েছেন। মিনিস্ট্রিই এসব মনুমেন্টের নকশা করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সারাদেশের ৬৪ জেলা এ ধরনের মনুমেন্ট করবে। ঢাকায় এই স্থানটি নির্ধারণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।”