১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আসন সীমানা: আপত্তি শুনানি শেষ, পর্যালোচনার পর চূড়ান্ত তালিকা

চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসনের সীমানা সম্পর্কিত আপত্তি শুনেছে ইসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 08:16 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চার দিন প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি ও আবেদনের ওপর শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন।

পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন-ইসি সচিব আখতার আহমেদ।

বুধবার বিকালে শেষ দিনের শুনানি শেষে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চার দিনের পরিসংখ্যান তুলে ধরেন সচিব। 

তিনি বলেন, “এখন এই যে মতামত পেয়েছি, সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। লিপিবদ্ধ করে আমরা পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকাটি প্রকাশ করব।”

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার কমিশনার, ইসি সচিব ও সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করে; তারপর ৩০০ আসনের সীমানার খসড়া ৩০ জুলাই  প্রকাশ করে ইসি। 

দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়।

পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে।

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়।

সচিব জানান, সর্বমোট আপত্তি এবং সুপারিশ আবেদন এসেছে ১ হাজার ৮৯৩টি। ১০ অগাস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া গেছে। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে। মূলত আপত্তিটা আগে শুনেছে ইসি।

রোববার ৬টি জেলার ১৮টি, সোমবার ৯টি জেলার ২০টি আসন, মঙ্গলবার ৬টি জেলার ২৮টি আসন ও বুধবার ১২টি জেলার ১৮টি আসনের আবেদন শুনেছে কমিশন।

আরও পড়ুন:

সীমানা নির্ধারণ: শেষ দিনের দাবি-আপত্তি শুনানি ইসিতে

আসন সীমানা: দোহার-নবাবগঞ্জ নিয়ে কাড়াকাড়ি

ইসির প্রশংসায় পঞ্চমুখ গাজীপুর বিএনপি, পাশে থাকার আশ্বাস