বন্যার শঙ্কা, প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী
“বন্যা যদি হয়েই যায়, তাহলে আমরা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি,” বলেন পরিকল্পনামন্ত্রী।
“বন্যা যদি হয়েই যায়, তাহলে আমরা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি,” বলেন পরিকল্পনামন্ত্রী।
আবহাওয়ার যে পূর্বাভাস, তাতে অগাস্টের দিকে বন্যার শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকেই মন্ত্রী-সচিবদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা আসে। বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন। মন্ত্রী বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) ধারণা করছেন, আমাদের বন্যা হতে পারে। আমাদেরকে বলেছেন প্রস্তুত থাকতে, বন্যা যদি হয়েই যায়, তাহলে আমরা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি।” সারা দেশেই বন্যর শঙ্কা রয়েছে কি না, সেই প্রশ্ন করা হলে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার পরে সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী সেভাবে বলেননি, তবে আমাদের প্রস্তুত থাকতে বলেছেন, যেহেতু বন্যার শঙ্কা রয়েছে।” জুলাইয়ের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কয়েকটি অঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উজানের ঢল আর ভারি বৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা ইতোমধ্যে বন্যার কবলে পড়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফেনীর নিচু এলাকা। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিরাজগঞ্জেও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সদয় উদয় রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগাস্ট মাসেও মৌসুমী বন্যার সম্ভাবনা আছে। এই মাসে প্রথম সপ্তাহে অলরেডি পানি বাড়ছে। দ্বিতীয় সপ্তাহে পানি আবার কমে আসতে পারে। জুলাই মাসে আমরা আশা করছি আর বড় কোনো বন্যা আসবে না।” রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এদিন চলতি অর্থবছরের প্রথম একনেক বৈঠক হয়। বৈঠকে প্রায় ৫ হাজার ৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে সরকারি অর্থায়নে ৫ হাজার ২১৪ কোটি ৩৪ লাখ টাকা, বিদেশি অর্থায়ন থেকে ১৪০ কোটি ৪৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০৫ কোটি ৯ লাখ টাকার যোগান দেবে সরকার। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারও উপস্থিত ছিলেন।
