১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবৈধ সম্পদ: সাবেক প্রতিমন্ত্রী ফারুকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ওমর ফারুকের ৫৭টি ব্যাংক হিসাবে ৪৪৫ কোটি ২৩ লাখ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

অবৈধ সম্পদ: সাবেক প্রতিমন্ত্রী ফারুকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
মো. ওমর ফারুক চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

‘অবৈধভাবে’ ১৬ কোটি টাকার সম্পদ অর্জন ও সাড়ে ৪০০ কোটি টাকা ‘সন্দেহজনক লেনদেনের’ অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী মো. ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেইসঙ্গে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশীদের বিরুদ্ধেও দুটি মামলা করেছে সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ চারটি মামলা দায়ের করেন বলে বুধবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন তথ্য দেন।

রাজশাহী-১ আসনের সাবেক এমপি ওমর ফারুকের বিরুদ্ধে ১৩ কোটি ৬১ লাখ ১২ হাজার ৫৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৫৭টি ব্যাংক হিসাবে ৪৪৫ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৩৯ টাকা লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

দ্বিতীয় মামলায় ফারুকের স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬৮৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। নিগার সুলতানার নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার ৮৪৩ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এ মামলাটিতে ওমর ফারুক চৌধুরীকেও আসামি করা হয়েছে।

অপরদিকে গোদাগাড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

চতুর্থ মামলাটিতে তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশীদের বিরুদ্ধে ৩৯ লাখ ৬৮ হাজার ৬১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।