১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিকারুননিসায় মিশ্রপদ্ধতিতে পাঠদান শুরু

আপাতত কলেজ শাখায় তিন দিন অনলাইনে ক্লাস শুরু হয়েছে। নববর্ষের ছুটি শেষে স্কুল শাখাতেও শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 04:36 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

‎‎রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে অনলাইন ও অফলাইনে (সশরীরে) মিশ্র পদ্ধতিতে পাঠদান শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানিয়েছেন, রোববার থেকে তাদের কলেজ শাখার শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস শুরু করেছে।

“বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষের জন্য স্কুল শাখা তিন দিন বন্ধ আছে। ছুটি শেষ হলে স্কুল শাখার শিক্ষার্থীদের জন্যও অনলাইনে ক্লাস শুরু হবে।"

শনিবার এক নোটিসে জানানো হয়, কলেজ শাখায় শনি, সোম ও বুধবার সশরীরে এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে।

‎অনলাইন ক্লাসের রুটিন ও ক্লাসে যুক্ত হওয়ার লিংক সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে জানান, জ্বালানি সাশ্রয়ে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে মিশ্র পদ্ধতিতে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কোন কোন স্কুলে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে জানতে চাইলে মন্ত্রী বলেন, "অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা যাদের আছে, স্পেশালি ওয়েল রিনাউন্ড এন্ড হিউজ ক্রাউডেড স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাড়িতে স্কুলে আসে।

"এটা আমরা কোন হার্ড এন্ড ফাস্ট রুলে যাচ্ছি না। তামিরুল মিল্লাত জয়েন করতে চাচ্ছে, আমরা কিন্তু উনাদের বলিনি।"