২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপ্ত টিভির তামিম হত্যা: প্লেজেন্টের সিইওসহ ২ জন কারাগারে

গত ১০ অক্টোবর বাসায় ঢুকে তামিমকে মারধর করে একদল লোক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 08:54 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় প্লেজেন্ট প্রোপার্টিসের সিইও ফাইজুর আহমেদ ও ম্যানেজার (অ্যাডমিন) ইব্রাহিমকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী আবরার খান তাসলিম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান তারা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় এদিন তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আসামিদের পক্ষে জামিন শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বাদীপক্ষে আবরার খান তাসলিম জামিনের বিরোধিতা করেন। 

এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী তামিমের বাবা সুলতান আহমেদ। 

তিনি জামিনের বিরোধিতা করে কান্নাজড়িত কণ্ঠে আদালতকে বলেন, “আমি আমার সন্তানকে রক্ষা করতে পারিনি। আসামিদের জামিনের বিরোধিতা করছি।”

পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

ঢাকার রামপুরার মহানগর আবাসিক এলাকার চার নম্বর রোডের ডি-ব্লকের একটি বাড়ির আট তলার ফ্ল্যাটে থাকতেন তামিম।

গত ১০ অক্টোবর ওই ভবনে ঢুকে তামিমকে মারধর করে একদল লোক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই ঘটনায় তামিমের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১১/১২ জনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন।

পরে সিসি ক্যামেরার ভিডিও দেখে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠায়।

মামলার বিবরণে বলা হয়, তামিমের পরিবারসহ তিন মালিকের জমি নিয়ে প্লেজেন্ট প্রোপার্টিজ নামের একটি আবাসন নির্মাতা কোম্পানি ভবন নির্মাণ করে। নয় তলা ওই ভবনে ফ্ল্যাট মোট ২৭টি।

প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা থাকলেও তামিমের বাবাকে দেওয়া হয় দুটি ফ্ল্যাট। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট ডেভেলপার কোম্পানির মালিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন।

এজাহারে বলা হয়, গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০/২৫ জন লোক ওই বাড়িতে ঢুকে হামলা চালায়। তানজিল নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে তার ওপর হামলা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।