Published : 23 Dec 2025, 11:17 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইন-বিধি অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এই ক্রান্তিলগ্নে সঠিকভাবে দায়িত্ব পালন ও সবার প্রতি সমানভাবে আইন প্রয়োগ করার তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় করছে ইসি।
এতে সিইসি, চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছে।
স্বাগত বক্তব্যে সিইসি নাসির উদ্দিন বলেন, “দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশ এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া এটা আমাদের দায়িত্ব।…আপনারা ভালো থাকলে, আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি। এবং আমি আর আপনাদের যদি আপনারা যদি ভালো না থাকেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন আমার ঘুম হারাম।”
ভোট আয়োজনের দায়িত্ব নিয়ে সিইসি বলেন, “একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। শাসনতান্ত্রিক দায়িত্ব আবার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। আমরা একটা যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন, এই ক্রান্তিলগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না।”
রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আইন-কানুনের মাধ্যম কাজ পরিচালনার আহ্বান জানান সিইসি।
তিনি বলেন, “আমি আশা করব আমরা সবাই মিলে ইনশাআল্লাহ যে দায়িত্ব গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। আমাদের কাঁধে এসে পড়েছে। এই দায়িত্ব ডেলিভার করার ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে, আমরা ইনশাল্লাহ সবাই মিলে এটা পরিপালন করবো। এবং এখানে কোন রকমের বিচ্যুতি ঘটবে না। এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন। ইফেক্টিভলি করবেন।”
আইনের শাসন ‘দেখিয়ে দেওয়ার জন্য’ রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে নির্দেশ দেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, “আমি বেশ কিছুদিন আগে সম্ভবত চট্টগ্রামে বলেছিলাম - আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। এ কথাটা বলেছিলাম একদম ডেলিবারেটলি। কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে এটা ব্লেইম করা হচ্ছে সবাইকে ব্লেইম করা হচ্ছে; বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছি, -এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।”
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইনের শাসন নিশ্চিত করার নির্দেশ দেন সিইসি।
“সুতরাং আপনারা যেটা মাঠ দিয়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। আইন সবার জন্য সমানভাবে আপনারা প্রয়োগ করবেন।”
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, “বলতে গেলে সারা বাংলাদেশ বাংলাদেশের প্রশাসন যেভাবে যাদের উপর দাঁড়িয়ে আছে সারা বাংলাদেশ এখানে উপস্থিত আছে। আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমিও সাহসী হব। আপনার প্রতিটা কাজ আমাকে সাহসী করবে। আমি এই ওয়াদা করতে পারি- আপনারা যখনই সাহসী প্রদক্ষেপ নিবেন। আইনের আইনের প্রতিষ্ঠার চেষ্টা করবেন। বিধি-বিধানের আলোকে কাজ করবেন। ইনশাআল্লাহ ইলেকশন কমিশন উইল বিসাইড ইউ।”
নির্বাচন ব্যবস্থাপনা: ইসিতে মাঠ প্রশাসনের 'ব্রিফিং' এগিয়ে আনা হল